দেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি খাতের আয় চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে, বিগত অর্থবছরের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়েছে।
৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তথ্য মতে, চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে তৈরি পোশাক রপ্তানি আয় ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১৩ কোটি ১৩ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে মাসে আয় হয়েছিল ১ হাজার ৬১১ কোটি ৭১ লাখ ডলার।
তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ৮৮৫ কোটি ৬২ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ১ শতাংশ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে এ আয় ছিল ৮৯৪ কোটি ৫৫ লাখ ডলার।
তাছাড়া, ৭২৭ কোটি ৫০ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১ দশমিক ৪৪ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বর মাসে এ আয় ছিল ৭১৭ কোটি ১৬ লাখ ডলার।
সদ্যবিদায়ী নভেম্বর মাসে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১৪ কোটি ৯ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩৩০ কোটি ৬১ লাখ ডলার।
তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ১৬১ কোটি ৮৪ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে ৬ দশমিক ৮৯ শতাংশ কমেছে। এছাড়া ১৫২ কোটি ২৪ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ২ দশমিক ৯০ শতাংশ।
এদিকে সদ্যবিদায়ী নভেম্বর মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৩৮৯ কোটি ১৫ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ৫ দশমিক ৫৪ শতাংশ।
