পুঁজিবাজারে তালিকাভুক্ত কেঅ্যান্ডকিউ বাংলাদেশ লিমিটেডের অস্বাভাবিক উত্থান এবং লেনদেন খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বর্তমান সময়ে শেয়ারটির অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেন নিয়ে বাজারে উদ্বেগ সৃষ্টি হওয়ায় এমন নির্দেশনা দিয়েছে বিএসইসি ।
বিএসইসির সহকারী পরিচালক লামিয়া আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-কে কেঅ্যান্ডকিউ শেয়ারের অস্বাভাবিক লেনদেন এবং মূল্যবৃদ্ধির বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। উক্ত প্রতিবেদন ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনে জমা দিতেও ডিএসইকে বলা হয়েছে।
বাজারের তথ্য পর্যালোচনা করে দেখা যায় , চলতি বছরের ১৫ জুন কেঅ্যান্ডকিউ বাংলাদেশ লিমিটেডের শেয়ারের দাম ছিল ১৯০ টাকা ৭০ পয়সা। মাত্র তিন মাসের মধ্যে বিগত ০৬ অক্টোবর শেয়ারের দাম দুই বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছে ৪৫০ টাকা ৯০ পয়সা। আজ ০৭ অক্টোবর দাম কিছুটা কমে ৪৪২ টাকা ৫০ পয়সায় অবস্থান করছে।
