জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে নির্ধারিত নম্বর কমিয়ে এমসিকিউ অংশের নম্বর বাড়ানো হয়েছে। পাশাপাশি, প্রথমবারের মতো ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী বছরের ১০ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা এসব তথ্য জানিয়েছেন।
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তন
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারও মোট ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ৯০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষায় থাকবে ৮০টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১২৫ নম্বর। আগে প্রতিটি প্রশ্নের মান ছিল ১ নম্বর।
বাকি ১০ নম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে ৫ নম্বর করে মোট ১০ নম্বর নির্ধারিত থাকবে।
ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র
এবার প্রথমবারের মতো ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। এ ছাড়া আইন বিভাগের ভর্তি পরীক্ষা সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগে বিভাগটি নতুন কলা অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নিত।
১০ জানুয়ারি থেকে শুরু পরীক্ষা
ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ সময়ের মধ্যে শুক্রবার ও শনিবার বাদে অন্যান্য কর্মদিবসে পরীক্ষা নেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ার পর কতটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করে পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।
আবেদন ফি ও নেগেটিভ মার্কিং
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি এখনো চূড়ান্ত করা হয়নি। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বছরের মতো এবারও প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা হবে। তবে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে কোনো নম্বর কাটা হবে না বলে জানা গেছে।
ক্যাম্পাসেই হবে ভর্তি পরীক্ষা
এর আগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে চলতি শিক্ষাবর্ষে সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
