সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির লক্ষ্যে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে।১৪ জানুয়ারি (বুধবার) সকাল ১০টা থেকে আবেদন কার্যক্রম শুরু হয়। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, আজ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্তির আবেদন কার্যক্রম আজ বুধবার থেকে শুরু হয়ে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে।
এর আগে, গত ৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা গণবিজ্ঞপ্তিতে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) অথবা ব্যানবেইসের ওয়েবসাইট (www.banbeis.gov.bd)-এ গিয়ে (Online MPO Application) লিংকের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।
মন্ত্রণালয়রে গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ এর আলোকে এই আবেদন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।
শুধুমাত্র অনলাইন লিংকের মাধ্যমে নির্দেশিকা অনুসরণ করে, আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন গ্রহণের ক্ষেত্রে সরকার যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে।
