এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি। এতে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪১২ জনেই স্থির রয়েছে। ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। তবে এই সময়ে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৯ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়াও সারাদেশে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯ জন, খুলনা বিভাগে ৭ জন, ঢাকা বিভাগে ৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪১২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৯৪ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৮ জন ছাড়াও বরিশাল বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ১৩ জন, ঢাকা বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।
অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৮৬ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে, ২১ হাজার ৫০৩ জন। আর সবচেয়ে কম ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে, ৪২৪ জন।
