দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি ঘোষিত ৯ শতাংশ স্টক লভ্যাংশে অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
০৮ ডিসেম্বর (সোমবার) বিএসইসি এক চিঠিতে কোম্পানিকে এই তথ্য জানিয়েছে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর মধ্যে ছিল ১১ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৯ শতাংশ বোনাস।
বিধি অনুযায়ী, কোনো কোম্পানি বোনাস তথা স্টক লভ্যাংশ ঘোষণা করলে এর যৌক্তিকতা তুলে ধরে বিএসইসির কাছে আবেদন করতে হয়। বিএসইসি অনুমোদন করলেই কেবল ওই লভ্যাংশ বিতরণ করা যায়।
বোনাস শেয়ার পাওয়ার জন্য কোম্পানিটি ১৭ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করেছে।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৮২ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৩৪ পয়সা।
গত বছর কোম্পানিটির প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭ টাকা ৬৫ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৭৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ২৯ পয়সা। (পুনর্মূল্যায়নসহ)
আগামী ১০ ডিসেম্বর সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩০ অক্টোবর।
