দেশের তফসিলি ব্যাংকগুলোর প্রাইজবন্ডের ক্রয়-বিক্রয় ও পুরস্কারের তথ্য এখন থেকে সরাসরি বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।
০২ ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
প্রাইজবন্ডের পুরস্কার ও ক্রয়-বিক্রয় সংক্রান্ত সব তথ্য তফসিলি ব্যাংক সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠাবে। তফসিলি ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবে, কোনো গ্রাহকের সঙ্গে বাংলাদেশ ব্যাংক সরাসরি লেনদেনে যুক্ত থাকবে না।
আগে কেন্দ্রীয় ব্যাংক প্রাইজবন্ডের কাগজপত্র সংগ্রহ করে প্রক্রিয়া সম্পন্ন করত। এখন সেই কাজ করবে তফসিলি ব্যাংক এবং পরে বাংলাদেশ ব্যাংকে পাঠাবে।
বিজ্ঞপ্তিতে মতে, কেন্দ্রীয় ব্যাংকের পরিবর্তে তফসিলি ব্যাংক সঞ্চয়পত্র বিক্রির দায়িত্বও পালন করবে।
চলতি মাসে বাংলাদেশ ব্যাংক তাদের সব শাখায় সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ক্ষতিগ্রস্ত নোট বদল এবং অটোমেটেড চালান সংশ্লিষ্ট সেবা প্রদান বন্ধ করেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিশ্বের কোথাও কেন্দ্রীয় ব্যাংক সরাসরি জনগণকে এসব সেবা দেয় না। এ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ‘কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই)’ হিসেবে বিবেচিত হওয়ায় এসব সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
