বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আগামী বছরের জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা জোরালো হয়েছে। এ সফর নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত আলোচনা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, জানুয়ারিতে সিরিজটি আয়োজনের সম্ভাবনা শতভাগ।
এক বক্তব্যে বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘আমরা শতভাগ আশাবাদী জানুয়ারির সিরিজ নিয়ে। একদম শুরুর দিন থেকেই পরিকল্পনা হচ্ছে। সাদা বলের ৬ ম্যাচ হবে, দুই ভেন্যুতে।’
এর আগে ২০২৫ সালের আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে নানা কারণে সেই সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে আয়োজনের পরিকল্পনা করা হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো ঢাকা ও চট্টগ্রামে আয়োজনের পরিকল্পনা ছিল।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে পরবর্তী সময়ে সেই সফরও স্থগিত করা হয়। ফলে দুই দলের মধ্যকার বহুল প্রতীক্ষিত সিরিজটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
সর্বশেষ আলোচনায় আগামী বছরের জানুয়ারিকে সিরিজ আয়োজনের সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। দুই ভেন্যুতে ছয় ম্যাচের সাদা বলের এই সিরিজ অনুষ্ঠিত হলে দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের মাটিতে খেলতে দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলকে।
