বেগম খালেদা জিয়া নেশনস ট্রফি হ্যান্ডবলে বাংলাদেশের মেয়েদের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। সোমবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৪৭-১৩ গোলে হারিয়েছে ভারতীয় দল। ম্যাচে একাই ১৩ গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ভাওয়ানা।
ম্যাচের শুরু থেকেই উচ্চতা, গতি ও শারীরিক সক্ষমতায় এগিয়ে থাকা ভারত একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। প্রথমার্ধেই ২৪-৮ গোলে এগিয়ে যায় দলটি। বিরতির পরও সেই ব্যবধান কমিয়ে ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩৪ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ম্যাচ শেষে বাংলাদেশের কোচ ও খেলোয়াড়দের আলোচনায় উঠে আসে ভারতের খেলোয়াড়দের উচ্চতা ও গতির পার্থক্য। বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলোনসো বলেন, দুই দলের প্রস্তুতি ও সক্ষমতার পার্থক্যই ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।
তিনি বলেন, ‘আজকের ম্যাচের ফলাফল মূলত দুটি দেশের মধ্যে। একটি দেশ হলো ভারত, যারা গত এক বছর ধরে অত্যন্ত কঠোর পরিশ্রম করে আসছে; আর অন্যটি হলো বাংলাদেশ, তারাও কঠোর পরিশ্রম করছে তবে অন্য একটি স্তরে। স্বাভাবিকভাবেই, আমাদের শারীরিক অবস্থা এবং হ্যান্ডবলের দক্ষতা আলাদা, যা মাঠেও দেখা যায়।’
ভবিষ্যতে এই ব্যবধান কমিয়ে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার প্রত্যয়ও জানান আনা আলোনসো। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আগামী মাস বা বছরগুলোতে উন্নতি করা এবং আরও ভালো করা, যাতে আমরা ভারতের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে পারি।’
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভাওয়ানা জানান, বাংলাদেশে খেলতে এসে তাঁর ভালো লাগে। এর আগে স্থানীয় ক্লাবের হয়ে এই স্টেডিয়ামে দুবার লিগে অংশ নিয়েছেন তিনি।
ম্যাচ শেষে ভাওয়ানা বলেন, ‘আমি এখানে তৃতীয়বার এসেছি। এর আগে এখানে দুবার লিগ খেলেছি, স্থানীয় ক্লাবের হয়ে। এখানে এসে খুব ভালো লাগছে। এখানকার মানুষ খুব ভালো, তাঁরা আমাদের সমর্থন করেন। এখানে থাকার ব্যবস্থাও খুব ভালো।’
ফাইনালে জয়ের ব্যাপারেও আশাবাদী ভারতের এই খেলোয়াড়। তিনি বলেন, ‘আমাদের দলের সমন্বয় খুব ভালো। আমরা ফাইনালে পদক নিয়েই ফিরব।’
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়েছিল ভারত। টানা দুই ম্যাচে জয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে দলটি। মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে ভারত।
এদিকে, ভারতের কাছে বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা এখনো টিকে আছে। লিগ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার মালদ্বীপকে হারাতে পারলে ফাইনালে ভারতের সঙ্গী হবে স্বাগতিক মেয়েরা। ফলে ফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
