বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামোর টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটকে একই কাঠামোর আওতায় আনা হয়েছে। নতুন এই কাঠামোর নাম দেওয়া হয়েছে ‘ডমেস্টিক থ্রি’ (ডি থ্রি)।
এই টুর্নামেন্টের প্রথম আসর শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। আগামী ১৫ ডিসেম্বর মাঠে গড়াবে প্রতিযোগিতাটি। টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিলাম আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি।
এবারের নিলামে থাকছে ভিন্নধর্মী পদ্ধতি। সাধারণত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে অর্থের বিনিময়ে ক্রিকেটার দলে নেওয়ার প্রতিযোগিতা চলে। যে দলের বাজেট বেশি, তাদের পছন্দের খেলোয়াড় দলে নেওয়ার সুযোগও তুলনামূলক বেশি থাকে। তবে বিসিবির নতুন এই টুর্নামেন্টে অর্থের পরিবর্তে পয়েন্টের ভিত্তিতে ক্রিকেটার বাছাই করা হবে।
নিলামে মূল আকর্ষণ হবে দলগুলোর বাকি ক্রিকেটার নির্বাচনের লড়াই। প্রতিটি দলকে ২৩ জনের স্কোয়াড গঠন করতে হবে। এরই মধ্যে প্রতিটি দলের আইকন ক্রিকেটার নির্বাচন করা হয়েছে। ফলে নিলামের মাধ্যমে বাকি ২২ জন করে ক্রিকেটার দলে ভেড়াবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
টুর্নামেন্টের কোচ ও কোচিং স্টাফও চূড়ান্ত করা হয়েছে। সব মিলিয়ে নতুন এই আয়োজনের মধ্য দিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে ভিন্নধর্মী প্রতিযোগিতামূলক কাঠামো চালু করতে যাচ্ছে বিসিবি।
