বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন। ১৮ অক্টোবর (রোববার) দুপুরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
জানা গেছে, মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হন ইনফান্তিনো। সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হয়।
ফিফা সভাপতির এই সংক্ষিপ্ত ঢাকা সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সম্পন্ন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতির সঙ্গে ইনফান্তিনোর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ফাঁকে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ফিফা সভাপতির একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
