দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৭ দশমিক ৮৮ বিলিয়ন ডলার।
১৮ ডিসেম্বর (বৃস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে চলতি অর্থবছর বাজার থেকে ২৮৭ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থ পাচারে কড়াকড়ির কারণে হুন্ডিপ্রবণতা কমে যাওয়ায় এখন বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে।
চলতি অর্থবছরের শুরু থেকে গত ১৭ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে এক হাজার ৫০৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় ১৭ শতাংশ বেশি। প্রবাসী আয়ে গত অর্থবছর প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। এভাবে রেমিট্যান্স বাড়ার ফলে দীর্ঘ দিন ধরে ডলারের দর ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে।
