দেশের পুঁজিবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানি আছিয়া সি ফুড লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ। আর বাকী ৩৫ শতাংশ বোনাস।
২৫ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর আছিয়া সি ফুডের লভ্যাংশ ঘোষণার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১০ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৪৯ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৯২ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর দুপুর ১২টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর।
