চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে বৈদেশিক রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৮৭ লাখ ডলার রেমিট্যান্স।
২৪ নভেম্বর (সোমবার) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নভেম্বরের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ১০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭২ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
এদিকে গত ২৩ নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে ১৩ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ২৪২ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৬ দশমিক ৫০ শতাংশ।
তাছাড়া, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
