বিনিয়োগকারীদের জন্য সেবার পরিধি আরও বিস্তৃত ও সহজলভ্য করতে মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। পরীক্ষামূলক পর্যায়ে থাকা অ্যাপটি চলতি অক্টোবর মাসেই আনুষ্ঠানিকভাবে চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল মোতালেব।
৭ অক্টোবর (বুধবার) ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান। সিডিবিএল ও সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) যৌথভাবে রাজধানীর একটি হোটেলে সেমিনারটির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার নাফিজ আল তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিএলের পরিচালক সৈয়দ হাম্মাদুল করিম। সেমিনারে সভাপতিত্ব করেন সিডিবিএলের পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। সমাপনী বক্তব্য দেন সিসিবিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আ. স. ম. খায়েরুজ্জামান।
অ্যাপে দেখা যাবে বিও হিসাব ও পোর্টফোলিও
সিডিবিএলের এমডি জানান, নতুন মোবাইল অ্যাপটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। চলতি অক্টোবর মাসেই এটি আনুষ্ঠানিকভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
অ্যাপটির মাধ্যমে বিনিয়োগকারীরা নিজেদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের বিস্তারিত তথ্য ও পোর্টফোলিও দেখতে পারবেন। পাশাপাশি হিসাবসংক্রান্ত বিভিন্ন লেনদেনের তথ্য এবং প্রয়োজনীয় নোটিফিকেশনও অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।
তিনি বলেন, বর্তমানে কোনো বিনিয়োগকারীর হিসাবে ডেবিট বা অন্য কোনো লেনদেন হলে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে তাকে জানানো হয়। একই ধরনের নোটিফিকেশন নতুন অ্যাপেও পাওয়া যাবে। ফলে বিনিয়োগকারীরা যেকোনো সময় নিজেদের বিনিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সহজেই জানতে পারবেন।
তিনি বলেন, এর ফলে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কার্যত সব সময় তাদের হাতের নাগালেই থাকবে।
প্রযুক্তি অবকাঠামো আধুনিকায়নে জোর
বিনিয়োগকারীদের তথ্যের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তির আধুনিকায়নে জোর দেওয়া হচ্ছে বলে জানান মো. আব্দুল মোতালেব।
তিনি বলেন, এর অংশ হিসেবে সিডিবিএলের পুরোনো হার্ডওয়্যার ও প্রযুক্তি ব্যবস্থা পরিবর্তন করে দ্রুত, নিরাপদ ও শক্তিশালী প্রযুক্তি অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।
বিও হিসাবের তথ্য হালনাগাদ
বিনিয়োগকারীদের তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতেও কাজ করছে সিডিবিএল। এ জন্য ব্রোকার ও ডিপোজিটরি পার্টিসিপ্যান্টদের (ডিপি) সঙ্গে সমন্বয় করে বিও হিসাবের মোবাইল নম্বর, ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করা হচ্ছে।
তিনি বলেন, বিনিয়োগকারীদের তথ্য সঠিক ও হালনাগাদ থাকলে লভ্যাংশসহ অন্যান্য সুবিধা প্রকৃত বিনিয়োগকারীদের কাছে পৌঁছানো সহজ হবে। একই সঙ্গে জালিয়াতির সুযোগও কমবে।
সিডিবিএলে প্রায় ১৬ লাখ ৭০ হাজার বিও হিসাব
সিডিবিএলের কার্যক্রম তুলে ধরে এমডি জানান, বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ১৬ লাখ ৭০ হাজার বিও হিসাব রয়েছে। প্রায় ৫৬০টি ডিপির মাধ্যমে এসব হিসাবসংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রতিটি বিও হিসাবের বিপরীতে একজন বিনিয়োগকারী রয়েছেন, যিনি নিজের সঞ্চয় নিয়ে পুঁজিবাজারে এসেছেন। তাই বিনিয়োগকারীদের সম্পদ ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সিডিবিএলের অন্যতম প্রধান দায়িত্ব।
চালু হচ্ছে ডিজাস্টার রিকভারি সাইট
সিডিবিএলের একটি ডিজাস্টার রিকভারি (ডিআর) সাইট স্থাপনের কাজও চলছে বলে জানান তিনি। চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে সাইটটি চালু হতে পারে।
অনলাইন প্রতারণা ও গুজব থেকে সতর্ক থাকার আহ্বান
সেমিনারে বিনিয়োগকারীদের অনলাইন প্রতারণা ও গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান সিডিবিএলের এমডি।
বিনিয়োগের আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা নেওয়া এবং ঝুঁকি কমাতে বিনিয়োগে বৈচিত্র্য আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
