নগদ নিজেদের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ লেনদেনে রেকর্ড করেছে। জানুয়ারি মাসে নগদ ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন করেছে, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ লেনদেন।
গ্রাহকসংখ্যা ও লেনদেন- দুটিই উল্লেখযোগ্য হারে বেড়েছে। রেকর্ড গড়া এই লেনদেনের বড় অংশই এসেছে ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, বিভিন্ন পেমেন্ট, সেবাপ্রতিষ্ঠানের বিল পরিশোধ, মোবাইল রিচার্জ ও রেমিট্যান্স বা প্রবাসী আয় থেকে।
লেনদেনে নতুন মাইলফলক অর্জনের ফলে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, নগদ তার গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করেছে এবং গ্রাহকবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। ফলে দিনদিন নগদের লেনদেন বাড়ছে।
২০২৫ সালের মার্চ মাসে ৩৪ হাজার কোটি টাকার লেনদেন ছাড়ায় নগদ। ২০২৪ সালের জুন মাসে একবার ৩২ হাজার কোটি টাকার লেনদেন হয়েছিল। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির মাধ্যমে মোট ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। ২০২৪ সালে লেনদেন হয়েছিল প্রায় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।
