দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে কোম্পানিটির অডিটর।
২০২৩–২৪ অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ডের পুরো টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে পারেনি। মোট ৫ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৩৮৬ টাকার ডিভিডেন্ডের মধ্যে ৯৬ লাখ ৪৭ হাজার ৮৩৫ টাকা এখনো পরিশোধ বাকি রয়েছে। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ হয়েছে ৮৩.৬৭ শতাংশ। অডিটর জানান, টেকনো ড্রাগস ডিভিডেন্ড বিতরণে বিলম্ব স্বীকার করেছে এবং বকেয়া অংশ দ্রুত পরিশোধে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।
তাছাড়া, কোম্পানির কিছু নিয়ন্ত্রক নীতিমালা এখনো পুরোপুরি নিয়মিত হয়নি। বিশেষ করে শ্রমিকদের মুনাফা অংশগ্রহণ তহবিলের নির্দিষ্ট অংশ পরিশোধ, কর আপিল নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট প্রভিশন তৈরির বিষয়গুলো এখনো চলমান। এর পাশাপাশি আজেএসসিতে বার্ষিক রিটার্ন জমা দেওয়া হলেও, পূর্ণাঙ্গ নথি সংরক্ষণ ও সংশোধনী প্রক্রিয়াও এখনও সম্পন্ন হওয়ার অপেক্ষায়।
তবে, এই সব অসঙ্গতি সত্ত্বেও অডিটর তাদের মতামত পরিবর্তন করেননি, অর্থাৎ বিষয়গুলো কোম্পানির আর্থিক বিবরণীকে এমনভাবে প্রভাবিত করেনি যাতে অডিট মতামত বদলাতে হয়। অডিটর জানান, টেকনো ড্রাগস একাধিক ক্ষেত্রে ‘সংগঠিত সংশোধনমূলক ব্যবস্থা’ গ্রহণ করেছে এবং পূর্ণ সম্মতি নিশ্চিতে কাজ চলছে।
