দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি যমুনা অয়েল কোম্পানী লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ শেয়ার প্রতি ১৮ টাকা লভ্যাংশ পাবেন বিনিয়োগকারীরা।
১২ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৮ টাকা ৭০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪০ টাকা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭৪ টাকা ০৩ পয়সা।
আগামী ৩১ জানুয়ারি, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর।
