আগামীকাল ০১ জুলাই (বুধবার) সারাদেশে পালিত হবে ব্যাংক হলিডে। এদিন দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি বছরের ১ জুলাই ব্যাংকগুলো ছয় মাসের আর্থিক হিসাব সমন্বয় করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। এ কারণে দিনটিকে ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়, যাতে ব্যাংকের কর্মকর্তারা নির্বিঘ্নে অভ্যন্তরীণ হিসাব ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে পারেন।
ব্যাংক হলিডের দিন কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ সাধারণ ব্যাংকিং সেবা পাওয়া যাবে না। এছাড়া আন্তঃব্যাংক লেনদেনও বন্ধ থাকবে।
