মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি (শনিবার) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। ‘দায়বদ্ধতা, গুণগত মান ও উদ্ভাবনে গড়া প্রবৃদ্ধির নতুন দিগন্ত’- এই প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে ব্যাংকের ১৫৩টি শাখার প্রধান, ৪৮টি উপশাখার ইনচার্জ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ২০২৬ সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে করণীয় সম্পর্কে শাখা প্রধান, উপশাখা ইনচার্জ, বিভাগীয় ও আঞ্চলিক প্রধানদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। একইসঙ্গে তিনি গ্রামীণ অর্থনীতিকে বেগবান রাখতে কৃষি ও এসএমই ঋণের প্রবৃদ্ধি বাড়াতে আহ্বান জানান। প্রযুক্তির উন্নত সব সংযোজন কাজে লাগিয়ে গ্রাহক সেবার মানোন্নয়নের প্রতি তিনি গুরুত্বারোপ করেন এবং সর্বোপরি উদ্ভাবনী ও স্মার্ট ব্যাংকিংয়ের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জনে সবাইকে আরও সচেষ্ট হতে নির্দেশনা দেন।
