একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময় চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরকে ‘ভুল’ বলে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।
২৬ ডিসেম্বর (শুক্রবার) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান,২৯ ডিসেম্বর (সোমবার) থেকে মার্জারের আওতাভুক্ত ব্যাংকের আমানতকারীরা টাকা উত্তোলন করতে পারবেন— এমন খবর সঠিক নয়।
তিনি বলেন, মার্জারের আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের চাহিদার প্রেক্ষিতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ কার্যক্রম শুরুর বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ বা সময় চূড়ান্ত হয়নি। শিগগিরই এ সুবিধা কার্যকর করা হবে।
গত ৫ নভেম্বর আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে সেগুলোতে প্রশাসক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংকে। ব্যাংকগুলো হলো: এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক।
